ঠাকুরগাঁও, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে বুধবার ছাত্রলীগ ও জাতীয় ছাত্রসমাজ নেতাকর্মীদের পাল্টপাল্টি হামলায় চারজন আহত হয়েছে। এর আগে মঙ্গলবার আহত হয়েছে ছাত্রসমাজের আরো একজন।
আহত কলেজ ছাত্রলীগ সভাপতি বিদ্যুৎ ও কর্মী মিঠুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ছাত্রলীগের বাদল এবং ছাত্র সমাজকর্মী তুষার ও জাহিদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, ছাত্রলীগ তাদের সমর্থকদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি করাতে চাইলে ছাত্র সমাজও তাদের কয়েকজন সমর্থককে ভর্তি করাতে চায়। এনিয়ে মঙ্গলবার সকালে এই দুই সংগঠনের কর্মীদের সংঘর্ষে ছাত্র সমাজের তুষার নামে এক কর্মী আহত হয়।
এর জেরে বুধবার বিকালে জামতলী এলাকায় বিদ্যুৎ, মিঠু ও বাদলকে মারধর করে ছাত্র সমাজ নেতাকর্মীরা।
এ ঘটনার প্রতিবাদে বিকালে উপজেলা ডাকবাংলোর কাছে ছাত্রলীগকর্মীরা ছাত্র সমাজকর্মী জাহিদকে মারধর করে।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল হামিদ জানান, এখনো কোনো মামলা বা কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনতে াসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিশীত কুমার কুণ্ডু জানান, মারামারির ঘটনার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24