ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক কালের কণ্ঠের বিরুদ্ধে দুইশ' কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন পটুয়াখালী থেকে নির্বাচিত আওয়ামী লীগ সাংসদ গোলাম মাওলা রনি।
মানহানির অভিযোগ এনে মঙ্গলবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে করা এই মামলায় বিবাদী করা হয় পত্রিকাটির সম্পাদক আবেদ খান, প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহিউদ্দিন ও প্রতিবেদক শফিকুল ইসলাম জুয়েলকে।
গত ২৩ মে কালের কণ্ঠে 'সবার উপরে এমপি রনি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে বলা হয়, সাংসদ রনি হঠাৎ ক্ষমতা পেয়ে মানুষকে মানুষ মনে করছেন না। গলাচিপা ও দশমিনাকে তার নিজের সম্পত্তি ও এলাকাবাসীকে নিজের প্রজা মনে করে যা খুশি করে যাচ্ছেন। তার ক্ষমতার দাপটে শুধু এলাকাবাসী নয়, আওয়ামী লীগের নেতারাও অতিষ্ঠ। তারা এই রাহুর হাত থেকে মুক্তি চায়।
বিচারক আল শামস জগলুল হোসেন আগামী ২৯ আগস্ট বিবাদীদের বিরুদ্ধে জারি করা সমন ফেরতের জন্য দিন ধার্য করেন।
এ প্রতিবেদনকে 'ভিত্তিহীন' দাবি করে এতে নিজ এলাকাসহ সারাদেশে বাদীর ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট এম এস মালেক চৌধুরী।
গোলাম মাওলা রনি নবম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24