বাগেরহাট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমানতকারীদের টাকা আত্মসাতের দুটি মামলায় সাতক্ষীরার সাবেক এক পোস্ট মাস্টারের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দুটি দেন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান।
হাকিম কে এইচ এম সামছুল আরেফিন অভিযোগপত্র দুটি গ্রহণ করেন।
অভিযুক্ত মীর আব্দুল হক কলারোয়া উপজেলার পোস্ট মাস্টার ছিলেন।
দুদক কর্মকর্তা আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোস্ট মাস্টার মীর আব্দুল হক ২০০৬ সালের ২৬ নভেম্বর থেকে ২০০৮ সালের ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত কলারোয়া পোস্ট অফিসে কর্মরত ছিলেন।
ওই সময়ের মধ্যে তিনি পাঁচটি খাতে ১০৯ জন আমানতকারীর কাছ থেকে ২০০৬-০৭ অর্থ বছরে ২১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা এবং ২০০৭-০৮ অর্থ বছরে ৭৬ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা রশিদের মাধ্যমে গ্রহণ করেন।
কিন্তু ওই টাকা তিনি সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাতক্ষীরা পোস্ট অফিসের পরিদর্শক মো লিয়াকত আলী জানান, তৎকালীন খুলনা বিভাগীয় পোস্ট মাস্টার জেনারেল আলাউদ্দীন আহমেদ ২০০৮ সালের ২৮ ফেব্র"য়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
পুলিশ ওই দিনই তাকে গ্রপ্তার করে।
ওই বছরের ১১ মার্চ সাতক্ষীরা পোস্ট অফিসের পরিদর্শক স ম রফিকুল আলম বাদি হয়ে আব্দুল হকের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা করেন।
৯ নভেম্বর মামলাটি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয় এবং আমিনুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
বর্তমানে আব্দুল হক উচ্চ আদালতের নির্দেশে জামিনে আছেন।
আমিনুর রহমান জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মীর আব্দুল হকের বিরুদ্ধে দণ্ড বিধির ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫৩ ঘ.
bdnews24