ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দায়ের করা সাতটি মানহানি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা সরকারের আবেদনের পরিপ্রিক্ষেতে এই আদেশ দেন।
গত ১৮ মে জয়নুল আবদিন ফারুকের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ ওই আদেশ দেন। পাশাপাশি মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারকে তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়।
এছাড়া চার সপ্তাহের মধ্যে সরকারের স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহা-পরিদর্শক ও সংশ্লিষ্ট জেলাগুলোর বিচারিক হাকিমদেরকে এই মামলাগুলোয় দেওয়া আদেশের জবাব দিতে বলেছিলো হাইকোর্টের ওই বেঞ্চ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ অবৈধ ব্যবসায় জড়িত- ফারুকের এমন অভিযোগের পর ঢাকাসহ দেশের কয়েকটি জোলায় তার বিরুদ্ধে মানহানির মামলা হয়।
এর মধ্যে গত ১৫ মার্চ শরীয়তপুরে, ১৬ মার্চ নীলফামারী ও সিলেটে, ১৮ মার্চ পাবনা, বগুড়া ও রংপুরে এবং ২৪ মার্চ ঢাকায় ফারুকের বিরুদ্ধে মামহানির সাতটি মামলা হয়।
মামলাগুলোতে অভিযোগ করা হয়, গত ১১ ও ১২ মার্চ জাতীয় সংসদে ও তার বাসভবনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, "প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত।"
মঙ্গলবার সরকারপক্ষে ডেপুটি অ্যাটার্নি নজরুল ইসলাম তালুকদার এবং জয়নুল আবেদিনের পক্ষে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫৫৪ ঘ.
bdnews24