সাভার, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় সব কারখানা বন্ধ ঘোষণার পর মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে।
প্রায় সাড়ে তিন ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে মহাসড়কের আশপাশের অলিগলিতে শ্রমিকরা অবস্থান নিয়ে থাকায় উত্তেজনা বিরাজ করছে।
ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা এবং অবিলম্বে সব কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-কালিয়াকৈর সড়ক নিয়ন্ত্রণে নিয়ে নেয় প্রায় ২৫ হাজার শ্রমিক।
পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের এবং সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নিয়ন্ত্রণ নেয়। এরপর উভয় সড়ক কিছু কিছু যানবাহন চলছে।
মহাসড়কের ওপর পুলিশ অবস্থান নিয়ে আছে। আশপাশের অলিগলিতে অবস্থান নিয়ে থেমে থেমে তাদের ওপর হামলা চালাচ্ছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ ঘটনায় সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং নবীনগর-কালিয়াকৈর সড়কের আশপাশের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টা পর্যন্ত অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করেছে। বাইপাইলের কাছে একটি কারখানার মালবাহী কাভার্ড ভ্যান পুড়িয়ে দেয়। বাইপাইল সেতুর ওপরসহ বিভিন্ন এলাকায় রাস্তার ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা।
খবর সংগ্রহ করার সময় দৈনিক ইনকিলাবের আলোকচিত্রী আলী হোসেন মিন্টু হামলার শিকার হন। শ্রমিকরা তার মটরসাইকেল ভাংচুর করে।
আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বাইপাইল, পল্লী বিদ্যুৎ ও পলাশবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে।
পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি জলকামান ও রাবার বুলেট ব্যবহার করছে। শ্রমিকরা তাদের লক্ষ করে করে ইটপাটকেল নিক্ষেপ করছে।
জামগড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) এর সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর মালিকানাধীন এনভয় গ্র"পের তিনটি কারখানার সামনে সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘাত শুরু হয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে এনভয় ফ্যাশান, এনভয় ডিজাইন ও মান্তা অ্যাপারেল্স এর সামনে ঢাকা-টাঙ্গাইল মহসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কয়েকশ শ্রমিক।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করলে সংঘাত বেধে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে র্যাব ও অতিরিক্ত পুলিশ সেখানে যায়।
কারখানা তিনটির সামনে র্যাব-পুলিশ এবং মহাসড়কের ওপারে শ্রমিকরা অবস্থান নিয়ে আছে।
জামগড়া এলাকার এ ঘটনার খবরে অন্যান্য এলাকায় বিক্ষোভ শুরু করে হাজার হাজার শ্রমিক।
শ্রমিকদের অভিযোগ তাদের না জানিয়েই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
পোশাক শিল্পের শ্রমিকদের বর্তমানে ন্যূনতম মজুরি ১৬৬২ টাকা ৫০ পয়সা। ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ও কারখানায় ভাংচুর চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘাত হয় দফায় দফায়।
এসব অসন্তোষের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে আশুলিয়া এলাকার তৈরি পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোশাক শিল্পের অস্থিরতার দরুন মালিকরা নিরাপদ বোধ করছেন না। তাই কাল (মঙ্গলবার) থেকে কারখানা বন্ধ রাখা হবে।"
তিনি জানান, সোমবার রাতে বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের নেতা ও আশুলিয়ার কারখানা মালিকদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।
সোমবার রাতে বিজিএমইএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম আইনের ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী সংগঠনটি এই সিদ্ধান্ত নিয়েছে।
দাবি আদায়ে সোমবার তৈরি পোশাক শ্রমিকরা আশুলিয়ায় ব্যাপক তাণ্ডব চালায়। কয়েক হাজার শ্রমিক প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শতাধিক কারখানা ও গাড়ি ভাংচুর এবং ব্যাপক লুটপাট চালায়।
পুলিশ-শ্রমিক সংর্ঘষে আহত হয় দুই শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
এর একদিন আগে একই দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নাসা গ্র"পের পাঁচটি প্রতিষ্ঠানের কয়েকশ শ্রমিক। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন কারখানার শত শত শ্রমিক। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে ছয় পুলিশসহ শতাধিক আহত হয়।
এর আগের দিন শনিবার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্র"পের পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় ১৮০ জনকে আসামি করে দুটি মামলা হয়। ওইদিনের শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ২১০ জন পোশাক শ্রমিককে আসামি করে পরদিন আরেকটি মামলা করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫৩ ঘ.
bdnews24