ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব সংবাদপত্র ও সংবাদ সংস্থায় সপ্তম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন এবং প্রেস কাউন্সিল পুনর্গঠনের আহ্বান জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সোমবার সাংবাদিক নির্যাতন বিরোধী দিবস পালন করেছে।
এ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে ডিইউজে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন সাংবাদিক শাহ আলমগীর। লিখিত বক্তব্য পাঠ করেন রহমান মুস্তাফিজ।
এতে বলা হয়, প্রতিনিয়তই সংবাদ কর্মীরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। পেশাগত অনিশ্চয়তা, নিয়মিত বেতন না পাওয়া এখন অধিকাংশ সংবাদ কর্মীর জীবনে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
অধিকাংশ সংবাদপত্রই ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি। কাগজে-কলমে কেউ কেউ ওয়েজ বোর্ড অনুযায়ী সংবাদ কর্মীদের বেতন-ভাতা দিচ্ছে বলে দাবি করলেও বাস্তবে এর কোনো ভিত্তি নেই। এ অবস্থার পরিবর্তনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়া সাংবাদিক হত্যা-নির্যাতনের সব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার, অষ্টম ওয়েজ বোর্ড গঠন, ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য নীতিমালা গঠন এবং অবিলম্বে প্রেস কাউন্সিল পুনর্গঠনেরও আহ্বান জানানো হয়।
১৯৯২ সালের এই দিনে পুলিশের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। এছাড়াও বিভিন্ন সময়ে সাংবাদিকরা হামলা, নির্যাতনের শিকার হচ্ছেন। এসব নির্যাতনের প্রতিবাদেই এ দিবস পালিত হয়।
২০০২ সালে 'অপারেশন ক্লিন হার্টের' সময় নির্যাতিত সাংবাদিক বরুণ ভৌমিক যৌথ বাহিনীর হেফাজতে নির্যাতনের বর্ণনা দেন। ওই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "মিথ্যা অপরাধী বানানোর জন্য আমাকে অস্ত্র ধরতে বলা হয়। অস্বীকার করায় একসময় আমাকে বলা হয়, অস্ত্র ধর নইলে গুলি করে মেরে ফেলবো।"
বরুণ জানান, হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে তার নামে মিথ্যা মামলায় সাজানো হয়।
গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়্যিদ, মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/০০৩০ ঘ.
bdnews24