২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে উচ্ছেদ অভিযান

চাঁদপুর আবহাওয়া অফিসের জমি উদ্ধারের জন্য সোমবার সাড়ে ছয়ঘণ্টা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 07:11 PM

Updated : 25 Aug 2022, 12:32 PM

চাঁদপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর আবহাওয়া অফিসের জমি উদ্ধারের জন্য সোমবার সাড়ে ছয়ঘণ্টা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শহরের পালপাড়া এলাকার প্রতাপসাহা সড়কে অভিযানকালে ৯টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। চাঁদপুরের ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এছাড়া উচ্ছেদ অভিযানে আরো অংশ নেন আবহাওয়াবিদ কাওসার পারভীন। কাওসার পারভীন সাংবাদিকদের জানান, "২০০৯ সালের ৬ নভেম্বর চাঁদপুর আবহাওয়া অফিসের বেদখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারের জন্য উচ্চ আদালতের চূড়ান্ত নির্দেশ পাই আমরা। অফিসিয়াল বিভিন্ন ঝামেলার কারণে দীর্ঘ সময় পর উদ্ধার কাজ শুরু হয়।" তিনি জানান, ১৯৭৭-৭৮ সালে চাঁদপুরে আবহাওয়া অফিস প্রতিষ্ঠিত হয়। এই অফিসের এক একর ৫০ শতাংশ জায়গার মধ্যে ২৮ শতাংশ দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে। ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখানে মোট ৯টি বসতঘরের মধ্যে ৬টি ভবন আবহাওয়া অফিসের ১৫ থেকে ২৫ ফুট জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৪ ঘ.