শরীয়তপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৬ দফা দাবি আদায়ে শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে শরীয়তপুর বাস মিনিবাস সড়ক পরিবহন মালিক গ্র"পের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ-পশ্চিম অঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে বক্তারা তাদের ১৬ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে যন্ত্রচালিত বাহন নসিমন, করিমন, ভটভটি ও গ্রামবাংলা অটোভ্যান নিষিদ্ধ ঘোষণা, ব্যাটারিচালিত ইজিবাইক, মটরসাইকেল ও মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রীবহন বন্ধ, বরিশাল থেকে কাওড়াকান্দি পর্যন্ত বিআরটিসির পরিবহন চলাচল বন্ধ ও মিনিট্রাকে যাত্রীবহন বন্ধ করা, রিকুইজিশনকৃত গাড়ির ক্ষতিপূরণসহ বকেয়া বিল প্রদান, দুর্ঘটনাকবলিত গাড়ি ২৪ ঘণ্টার মধ্যে মালিককে প্রদান, মালিক-শ্রমিক ইউনিয়নের অনুমতি ছাড়া চাঁদা আদায় না করা, নড়িয়ার মালিক সমিতি বাতিল করা ও জেলা সদর ব্যতিত মালিক সমিতির অনুমোদন না দেওয়া রয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শরীয়তপুর বাস মিনিবাস সড়ক পরিবহন মালিক গ্র"পের সভাপতি আবদুল বারেক মিয়া।
এতে দক্ষিণ-পশ্চিম অঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য ও মালিক গ্র"পের সাধারণ সম্পাদক মাহবুব আলম ফেরদৌস খান।
জেলা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম খান, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ইজাজুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ আবদুল কাদের আখন্দ, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, আবদুস সালাম মোল্লা, আবদুস সামাদ খান, শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩২৩ ঘ.
bdnews24