বরিশাল, জুন ১৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে তরমুজ ব্যবসায়ী আলী হোসেন হত্যা মামলার একমাত্র আসামী মো. রিপনকে (৪০) বরিশালে গ্রেপ্তার করেছে র্যাব।
শারীরিক প্রতিবন্ধী রিপন মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে নগরীর বান্দ রোডের (শেবাচিম হাসপতালের সামনে) খান বোর্ডিং থেকে তাকে গেপ্তার করে র্যাব-৮'র একটি বিশেষ দল।
জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে বরিশাল কোতওয়ালী থানায় সোপর্দ করা হয়।
এর আগে নগরীর রূপাতলীতে র্যাব-৮ হেড কোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব কর্মকর্তা মেজর রাশেদুল হক জানান, গত ৯ এপ্রিল সন্ধ্যায় মিরপুর ১১ নম্বরে তরমুজ কিনতে যান রিপন। দর কষাকষির সময় বিক্রেতা আলী হোসেন ও রিপনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে রিপন বিক্রেতা আলী হোসেনের গলায় তরমুজ কাটার ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন আলী হোসেন। এ ঘটনায় ওই দিনই মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে গত ২ মে বরিশালের উজিরপুরে শ্বশুড় বাড়ীতে আশ্রয় নেন রিপন।
সেখানে কয়েকদিন থাকার পর শেবাচিম হাসপাতালে ডাক্তার দেখাতে বৃহস্পতিবার বরিশালে যান তিনি। দেরী হওয়ায় ওই রাতে মেডিকেলের সামনের খান বোর্ডিংয়ে একটি কক্ষ ভাড়া নেন রিপন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮০৮ ঘ.
bdnews24