বাগেরহাট, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম কওমী মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বরিশাল বিভাগীয় কার্যালয়ের টেলিকম মেকানিক ও সিবিবিএ'র বিভাগীয় সাধারণ সম্পাদক মোবারক আলী খান (৪৫), কর্মচারী ফরিদ আহমেদ (৪৫) এবং পিকআপ চালক দুলাল শিকদারের ভাগ্নে রুবেল শেখ (২২)।
আহতরা হলেন- বিটিসিএল'র বরিশাল বিভাগীয় কার্যালয়ের পিকআপ চালক দুলাল শিকদার (৪০), পিকআপ যাত্রী কৃষ্ণ দাস (২৩), বিশ্বনাথ দাস (২০) ও তার ভাই তাপস দাস (২২) এবং মোস্তাফিজ হাওলাদার (৩২)।
তাদের খুলনা ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের সবার বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাটের মহিষপুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক সাধন কুমার দাস জানান, বিটিসিএল এর পিকআপটির সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে পিকআপের চালকসহ আটজন গুরুতর আহত হয়।
হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। বাস ও পিকআপ পুলিশ হেফাজতে আছে। এখনো মামলা হয়নি।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কান্তি পাল জানান, দুর্ঘটনার পর আটজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরমধ্যে তিনজন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24