২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইদুর আরো আটদিনের রিমান্ডে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমানকে আবারো পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 12:21 PM

নারায়ণগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমানকে আবারো পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। সিদ্ধিরগঞ্জ থানায় করা সন্ত্রাস বিরোধী একটি মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করে। শুনানি শেষে নারায়ণগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় হাকিম আশরাফুজ্জামান জিলানী আটদিনের অনুমতি দেন। গত ২৩ মে রাতে রাজধানীর জুরাইন এলাকার দনিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান। কিন্তু এরপর জানানো হয় তাকে ২৪ মে ভোরে আটক করা হয়েছে। এরপর সাইদুরকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২৬ মে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকা থেকে পুলিশের বিশেষ শাখার একটি দল অভিযান চালিয়ে জেএমবির সামরিক শাখার সদস্য আমির হোসেন ওরফে শরীফ ও এহসার সদস্য নূর হোসেন ওরফে সবুজকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশি একটি পিস্তল, জিহাদি বইসহ বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম। আমির হোসেন ও নূর হোসেনকেও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জেএমবি প্রধান সাইদুর রহমানকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ফজুল রহমান, অ্যাডভোকেট আনিসুর রহমান দীপুসহ বেশ কয়েকজন আইনজীবী। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপু আদালতকে জানান, জেএমবি প্রধান সাইদুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী সিদ্ধিরগঞ্জ পাইনাদি মিজমিজি এলাকা থেকে তার সহযোগী আমির হোসেন ও নূর হোসেনের কাছ থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার জন্য তারা অস্ত্র ও বিস্ফোরক জাতীয় দ্রব্য মজুদ করেছিলেন। অন্যদিকে জেএমবি প্রধান সাইদুর রহমানের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। সাইদুর রহমান আদালতে জানান, শায়খ আব্দুর রহমানের মৃত্যুর পর তিনি জেএমবি প্রধানের দায়িত্ব নেন। সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে নয়, তিনি জনগণকে 'মোটিভেট' করে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম জেএমবি প্রধান সাইদুর রহমানকে আটদিন জিজ্ঞাসাবাদে আদালতের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কখন থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে সে ব্যাপারে তিনি কিছু জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩২ ঘ.