শরীয়তপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর-মাদারীপুর সড়কে একটি সেতু ভেঙে গেছে। এতে শরীয়তপুর ও মাদারীপুরের সঙ্গে দেশের বিভিন্ন স্থানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে খোয়াজপুর টেকেরহাটে বেইলি সেতুর একটি অংশ ভেঙে পড়ে।
এতে এই সড়ক দিয়ে চলাচলকারী মাদারীপুর, ফরিদপুর, খুলনা, যশোর, বরিশাল, বেনাপোলসহ বিভিন্ন এলাকার যাত্রীবাহী ও মালবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
সেতুর দুই পাশে আটকে পড়া ট্রাকে ফল ও সবজিতে পচন ধরেছে। দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম থেকে চাঁদপুর, মাদারীপুর, খুলনা ও বেনাপোলগামী বাসযাত্রীরা।
সেতুটির সড়ক ও জনপথ বিভাগের টোল আদায়কারী রুহুল আমীন জানান, সেতুর পূর্ব পাশে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উঠলে এর ছয়টি প্লেট ভেঙে যায়।
স্থানীয় লোকজন সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সোমবার সকাল থেকে এর মেরামতের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহা জানান, তাদের কর্মীদের সেখানে পাঠানো হয়েছে। তারা কাজ শুরু করেছে। খুব শিগগিরই যানবাহন চলাচল শুরু হবে।
১৯৯৪ সালে সেতুটি নির্মাণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২৪২ ঘ.
bdnews24