২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল হচ্ছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল (ছাত্র পরিষদ) গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 12:09 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল (ছাত্র পরিষদ) গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প আকারে) দেশের ২০টি উপজেলার বাছাই করা ১শ' শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কাউন্সিল গঠনের লক্ষ্যে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব উপজেলা হচ্ছে- রাজশাহীর পুটিয়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া, বগুড়ার শেরপুর, খুলনার ফুলতলা, ঝিনাইদহের শৈলকুপা, বরিশাল সদর, পিরোজপুরের ভাণ্ডারিয়া, ময়মনসিংহের গফরগাঁও, নরসিংদীর মনোহরদী, টাঙ্গাইলের মির্জাপুর, গাজীপুরের কাপাসিয়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, রংপুর সদর, লালমনিরহাটের হাতিবান্ধা, চট্টগ্রামের ডবলমুরিং ও চন্দনাইশ, কক্সবাজারের রামু, নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেট সদর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর আরো কয়েকটি উপজেলায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। তিনি বলেন, খুদে শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে তোলা, পরমত সহিষ্ণুতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ হিসেবে স্টুডেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এটি করা হচ্ছে। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সংক্রান্ত মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, শুধুমাত্র তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাই এ নির্বাচনে প্রার্থী হতে পারবে। এ তিনটি শ্রেণী থেকে কমপক্ষে দুইজন করে প্রতিনিধি নিয়ে সাত সদস্যের স্টুডেন্ট কাউন্সিল গঠিত হবে। এক বছরের জন্য এ কাউন্সিল নির্বাচিত হবে। প্রতি বছরের জানুয়ারি মাসে এ নির্বাচন হবে। তবে নির্বাচনে প্রাথমিক পর্যায়ে প্রতিটি শ্রেণী থেকে দুইজন করে সহযোগী প্রতিনিধি মনোনীত করা হবে। এসব প্রতিনিধি নির্বাচিত কাউন্সিলকে সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করবে। বিদ্যালয়ের সাতটি প্রধান কার্যক্রম তদারকির করবে সাত সদস্যের এই কাউন্সিল। এসব কার্যক্রম হচ্ছে- পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, দুপুরের খাবার এবং অভ্যর্থনা ও আপ্যায়ন। প্রধান শিক্ষক এসব দায়িত্ব বণ্টন করবেন। এতে আরো বলা হয়, নির্বাচিত স্টুডেন্ট কাউন্সিল (ছাত্র পরিষদ) প্রতি মাসে অন্তত একটি করে সভা করবে। তবে প্রতি ছয় মাস অন্তর সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সাধারণ কাউন্সিল সভা করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১২৪ ঘ.