চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীতে শুরু হয়েছে সেনাবাহিনীর টহল।
ঘোষিত তফশিল অনুযায়ী সোমবার সকাল থেকে সেনা সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে টহল দেওয়া শুরু করে। নির্বাচনের পরদিন ১৮ জুন পর্যন্ত টহল চলবে।
সেনাবাহিনী মূল ক্যাম্প করেছে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে।
সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তফশিল অনুযায়ী ৬ কোম্পানি সেনা সদস্য টহল শুরু করেছে। নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কাজ করবে।
এর আগে ৯ জুন থেকে ২ কোম্পানি বিডিআর সদস্য নির্বাচনকে সামনে রেখে নগরীতে টহল শুরু করে।
এদিকে মেয়র পদপ্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে আসা চট্টগ্রামের বাইরের লোকদের (বহিরাগত) সোমবার রাতের মধ্যে শহর ছাড়তে হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান দুই মেয়র পদপ্রার্থীর নির্বাচনী এজেন্টদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ জানান, ১৪ জুন রাতের মধ্যে বহিরাগতদের সিটি কর্পোরেশন এলাকা ছাড়তে হবে। এরপরও কেউ যদি অবস্থান করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে আওয়ামী লীগের কমপক্ষে ৫০ জন কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য চট্টগ্রামে এসেছেন।
অপরদিকে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুরের পক্ষে চট্টগ্রামের বাইরে থেকে কমপক্ষে ১৫ জন নেতা ও সাংসদ প্রচারণায় অংশ নিয়েছেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা ও নির্বাচন কমিশনার কেএম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম সফরকালে বিভিন্ন বৈঠকে বলেন, বহিরাগতরা দয়া করে চট্টগ্রামে থাকবেন না। তারা বলেন, নির্ধারিত সময়ের পর নির্বাচনী বহিরাগতরা চট্টগ্রামে অবস্থান করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৪১৯ ঘ.
bdnews24