খুলনা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-ছাত্রীরা।
রোববার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি শুরু করে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে। বিকাল ৫টা পর্যন্ত মৌন অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছিল।
গত ৫ এপ্রিল এক ব্যবসায়ীকে আটক ও ক্যাম্পাসে ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়।
গত ৮ জুন ওই ঘটনায় জড়িত অভিযোগে ৩৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববারই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। আগের দিন খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের হল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মো. সাইফুদ্দিন শাহ্ এর সভাপতিত্বে ৭ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪৩ তম সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪ ছাত্রকে স্থায়ী বহিষ্কার, ৭ জনকে দুই বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের জন্য বহিষ্কার, ১৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ফ্লেক্সিলোড ব্যবসায়ী শাহ নেওয়াজকে অবাঞ্চিত ঘোষণা করে ক্যাম্পাসে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক/প্রতিনিধি/জেবি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24