ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ খাতে অনিয়ম রোধে টেলিকম অপারেটরদের আরো কঠোর আইনি কাঠামোর আওতায় আনতে সরকার 'বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন-২০১০' রোববার জাতীয় সংসদে উত্থাপন করেছে।
সংশোধিত আইনে অপরাধের জন্য টেলিকম অপারেটরদের সর্বোচ্চ ৩শ' কোটি টাকা জরিমানা এবং কারাদণ্ড সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বিদ্যমান আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।
বিলটি আইনে পরিণত হলে টেলিকম অপারেটররা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিপূরণের দাবি নিয়ে আদালতে যেতে পারবে না। এবং এ ধরনের দাবি আদালতে উত্থাপিত হলেও আদালত তা সরাসরি নাকচ করে দেবে।
সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে যাই থাকুক না কেন, এই আইন ও এর অধীন প্রণীত বিধি বা প্রবিধানে বর্ণিত সব অপরাধ আমলযোগ্য বলে গণ্য হবে।
এতে আরো বলা হয় , ফৌজদারি কর্যবিধিতে যাই থাকুক না কেন, বিটিআরসি'র পরিদর্শক বা আইন প্রয়োগকারী সংস্থার কোনো কর্মকর্তার লিখিত রিপোর্ট ছাড়া কোনো আদালত এই আইনের আওতায় কোনো অপরাধ বিচারের জন্য গ্রহণ করতে পারবে না।
২০০১ সালের টেলিযোগাযোগ আইন অনুযায়ী ভিওআইপি প্রযুক্তির ব্যবহারে কল টার্মিনেশন অপারেটর সার্ভিস লাইসেন্স (সিটিওএল) প্রদানের ক্ষমতা বিটিআরসি'র হাতে। সংশোধিত আইনে এই ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ সংক্রান্ত বিলটি সংসদে উত্থাপন করেন।
পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্পিকার আবদুল হামিদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
'বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন-২০১০' ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে ২০০১ সালে প্রণীত আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলা হয়, সংশোধিত আইনের বিধান ও প্রয়োগ টেলিযোগাযোগ প্রযুক্তির অবৈধ ব্যবহার রোধ এবং সরবকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৮ ঘ.
bdnews24