২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপির কাজ শেষ করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

চলতি অর্থ-বছরের শেষ মাসে এসেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শতভাগ কাজ শেষ করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 10:53 AM

Updated : 25 Aug 2022, 12:07 PM

ঢাকা, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থ-বছরের শেষ মাসে এসেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শতভাগ কাজ শেষ করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মে মাস পর্যন্ত এডিপির কাজে মন্ত্রণালয়ের অগ্রগতি ৭৮ শতাংশ। চলতি মাসের মধ্যে প্রকল্পের অগ্রগতি ৯০ শতাংশে পৌঁছতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুরে মাসিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে তিনি একথা বলেন। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সচিব আবদুস সোবহান সিকদার এবং মন্ত্রণালয় ও এর অধীনস্থ নয়টি সংস্থা ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাহারা খাতুন চলতি অর্থ-বছরে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর এডিপি বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এডিপির আওতায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও ভিসা (এমআরভি) প্রকল্প চালু করা হয়েছে। ৩৫ হাজার গ্রাহকের আবেদনের বিপরীতে এরইমধ্যে সাত হাজার পাসপোর্ট বিতরন করা হয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য একটি ডিএনএ পরীক্ষাগার অত্যন্ত জরুরি। ডিএনএ ল্যাবের জন্য আগারগাঁওয়ে জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্র"তি পাওয়া গেছে। জমি পাওয়া গেলে দ্রুতই এর নির্মাণ কাজ শুরু করা হবে। এডিপি পর্যালোচনা প্রসঙ্গে মন্ত্রী সাহারা খাতুন বলেন, প্রকল্পের কাজ আরো কিভাবে তড়িৎ গতিতে এগিয়ে নেয়া যায়, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। কর্মকর্তাদের কাছে সমস্যাগুলো জানতে চাওয়া হয়েছে। সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেয়ার জন্য তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৪২ ঘ.