সাভার, জুন, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এএসপি, ওসিসহ ৩০ জন আহত হয়েছে।
রোববার এই সংঘর্ষকালে জামগড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শ্রমিকরা ৬টি পোশাক কারখানা ভাংচুর করে। পরিস্থিতির অবনতির আশংকায় ভাংচুর হওয়া ৬ কারখানাসহ সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকার তিনটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের দ্বিতীয় দিন রোববার সকালে শ্রমিকরা কারখানায় এসে বিক্ষোভ শুরু করে।
পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস সেল ছোড়ে।
এ ঘটনায় আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন, সাভার সার্কেলের এএসপি মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম, চার জন উপ-পরিদর্শক (এসআই) মীর মোহাম্মদ বিল্লাল হোসেন, শাহীন শাহ পারভেজ, আবিদ হোসেন, মাহমুদ রহমান।
ভাংচুর হওয়া কারখানাগুলো হচ্ছে ডিকে গ্র"প, ওয়াশিং এন্ড ডিজাইন লিমিটেড, দ্য রোজ ড্রেস, গ্রীন লাইফ, স্ক্যান ডেস্ক ও সেড ফ্যাশনস লিমিটেড।
এই ছয় কারখানা এবং 'এএম ডিজাইন লিমিটেড' নামের আরেকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে এনভয় গ্র"পের শ্রমিকরা কারখানায় এসে তাদের দাবি আদায়ের জন্যে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল ১০টার দিকে তারা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক জামগড়া এলাকায় অবরোধের চেষ্টা করে।
এসময় পুলিশ এসে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শ্রমিকরা পার্শ্ববর্তী ছয়টি কারখানায় বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ইটপাটকেলের আঘাতে কারখানাগুলোর জানালা, দরজার কাঁচ ভেঙ্গে যায়।
পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড কাঁদানে গ্যাস সেল ছোড়ে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশ শ্রমিকদের হঠিয়ে দিতে বেধড়ক লাঠিচার্জ করে। আধা ঘন্টা ব্যাপী শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জামগড়া এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
সংর্ঘষে আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
সংঘর্ষ চলাকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কের দু'দিকে আটকা পরে শত শত যানবাহন।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শ্রমিকদের নিক্ষিপ্ত ইটের আঘাতে তিনি নিজে, সার্কেল এএসপি, কয়েক পুলিশ সদস্য ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তিনি বলেন, শ্রমিকরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরও করেছে।
ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
এনভয় গ্র"পের ব্যবস্থাপক (প্রশাসন) মঞ্জুর মোর্শেদ জানান, শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে গিয়েই পাশবর্তী কারখানায় হামলা করে। তবে তাদের প্রতিষ্ঠানে কোন ক্ষতি হয়নি বলে তিনি জানান।
ঘটনাস্থলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ জানান, শ্রমিকদের নিক্ষিপ্ত ইটের আঘাতে এএসপি, ওসি, এসআই, কনেষ্টবলসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ আহত হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত শনিবার এনভয় গ্র"পের 'এনভয় ফ্যাশনস লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড ও শান্তা এ্যাপারেলস লিমিটেডের প্রায় সাড়ে আট হাজার শ্রমিক নূন্যতম বেতন ৫ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করে। এদিনই কারখানা তিনটিতে ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৪৭ ঘ.
bdnews24