২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী উত্ত্যক্তকরণ প্রতিরোধে শপথ

ছাত্রীদের শিক্ষা জীবনের নিরাপত্তা ও সকল নারীর সর্বাঙ্গীন নিরাপত্তা বিধানের জন্য সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে ছাত্রী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 12:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীদের শিক্ষা জীবনের নিরাপত্তা ও সকল নারীর সর্বাঙ্গীন নিরাপত্তা বিধানের জন্য সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে ছাত্রী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার সারা দেশে এ প্রতিরোধ দিবস পালনের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর মুক্তাঙ্গন থেকে এক শোভাযাত্রা বের হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এখানে এক সমাবেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাত্রীদের উত্যক্তকরণ প্রতিরোধে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান। সমাবেশে অংশগ্রহণকারীরা সকলে ঘরে-বাইরে সর্বত্রই মা-বোনদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করার শপথ করে। শিক্ষার্থীরা চলার পথে, শিক্ষাঙ্গণে বা কর্মক্ষেত্রে ছাত্রী বা নারীর প্রতি কাউকে অশালীন ও মর্যাদাহানিকর কোন আচরণ করতে দেখলে প্রতিবাদ ও প্রতিরোধ করার শপথ নেয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান, ফার্সি বিভাগের প্রভাষক মুমিত আল রশীদ, অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রমুখ। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও রোভার স্কাউট, বিএনসিসি এবং গার্লস গাইডের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠে প্রতিরোধ দিবসের কর্মসূচী। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইডেন কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ' শিক্ষার্থী এতে যোগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৩১৩ ঘ.