মৌলভীবাজার, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে শনিবার মৌলভীবাজারে তিন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জুড়ী-কুলাউড়া সড়ক আংশিক ডুবে গেছে।
এতে মৌলভীবাজারের জুড়ী, বড়লেখা, কুলাউড়া ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার সঙ্গে অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জুরী উপজেলার জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, ফুলতলা ও গোয়ালবাড়ি এই ছয়টি ইউনিয়নের মোট ৫২টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের চার শতাধিক বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
এছাড়া ৪৮৯ কি.মি কাঁচা ও ১৬.৫০ কি.মি পাকা রাস্তা পানিতে তলিয়ে গেছে। ৪৮৯ টি টিউবওয়েল ডুবে গেছে। ভেসে গেছে ২৬০ টি পুকুর ও ১৯৬ টি মৎস্য খামার। প্রায় আড়াই হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা জানান, উপজেলায় ইতোমধ্যে ৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে এক হাজারের বেশি পরিবার আশ্রয় নিয়েছে। বন্যার্তদের মাঝে ৪২ মেট্রিক টন চাল ও নগদ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলার আটলিঘাট সড়কটি তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে। উপজেলা পরিষদ চত্বরেও দেড় থেকে দুই ফুট পানি উঠেছে। পানিতে তলিয়ে যাওয়া ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৩৭ ঘ.
bdnews24