রাঙামাটি, জুন ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন।
কল্পনা চাকমা অপহরণ দিবস জেলা সদরে পালনের অনুমতি না দেওয়ার প্রতিবাদে ও অপহরণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে তারা শনিবার ভোর ৬ টায় এ কর্মসূচি শুরু করে। অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত।
হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন অপহৃত হন। সেই থেকে প্রতি বছরের ১২ জুন কল্পনা চাকমা অপহরণ দিবস হিসেবে পালন করে আসছে সংগঠনটি।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কনিকা চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কল্পনা চাকমা অপহরণের ১৪তম বছর পূর্তি দিবসে রাঙামাটি শহরের পৌর মিলনায়তনে নারী সমাবেশের জন্য জেলা প্রশাসনের কাছে ২০ দিন আগে আবেদন করা হয়েছিলো। কিন্তু গত ৯ জুন প্রশাসন এক চিঠিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখিয়ে সমাবেশ করার অনুমতি দেয়নি।
কনিকা চাকমা বলেন, এ ঘটনার প্রতিবাদে রাঙামাটি জেলায় শনিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্ষন্ত সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।
গত বৃহস্পতিবার রাঙামাটি উপজেলা সদরের কুতুকছড়ি এলাকায় ইউপিডিএফ-এর জেলা ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের নেতারা এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১১২৬ ঘ.
bdnews24