২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় যুবকের লাশ উদ্ধার

রাজধানীর সূত্রাপুরে জনসন রোডের একটি রেস্তোরাঁ থেকে সোমবার দুপুরে এক যুবকের দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে জনসন রোডের একটি রেস্তোরাঁ থেকে সোমবার দুপুরে এক যুবকের দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম রুবেল (২৪)। থাকতেন পুরান ঢাকার ৫৫, নম্বর লালচান মুকিম লেনে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ওই রোস্তোরাঁর তিন কর্মচারীকে আটক করেছে। তারা হলেন, রোমান (২৩), রুবেল (২২) ও রনি (২৪)। এদের বাড়ি বরিশালে। এ হত্যাকাণ্ডের রহস্য জানা যায়নি। তবে তারা সবাই পূর্ব পরিচিত। হোটেল ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সাড়ে ১২টার দিকে রোমান তাকে তৃতীয় তলায় ডেকে নিয়ে যায়। এরপর রুবেলের ছিন্ন মাথা দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে বলে, টাকা না দিলে তোর অবস্থাও এমন হবে।" এক পর্যায়ে জাহাঙ্গীর হোসেন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ দুলাল বলেন, "দুপুর ৩ টার দিকে ৫৩, জনসন রোডের মীম রেস্তোরাঁর তৃতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষ থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়।" শনিবারের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮৩২ ঘ.