ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন ২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে নিমতলী ও বেগুনবাড়ির হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গ্রহন করা হয়েছে।
আবুল কালাম আজাদ জানান, মন্ত্রি পরিষদ সচিব এম এ আজিজ শোক প্রস্তাব উত্থাপন করেন। এরপর নিহতদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
তিনি আরও জানান, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে মনু মিয়াসহ যারা প্রাণ দিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে তাদেরও আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।
প্রেস সচিব বলেন, "জাতীয় হজ নীতি (১৪৩১-১৪৩৫ হিজরী) এবং হজ প্যাকেজ ১৪৩১ হিজরী-এর সংশোধন প্রস্তাব নাকচ করেছে মন্ত্রিসভা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৫২৪ ঘ.
bdnews24