ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচেতন না হলে ঢাকাবাসীর সামনে বাঁচার উপায় থাকবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, "বেগুনবাড়ি ও নিমতলীর ঘটনা অশনি সংকেত দিচ্ছে। তাই এখনই সচেতন হয়ে অতীতের সব ভুল শুধরে নিতে হবে। নইলে প্রকৃতির প্রতিশোধ এড়ানো যাবে না।"
তিনি বলেন, দেশের সার্বিক পরিবেশ ঠিক রাখতে সকল জলাধার ও নদনদী অবৈধ দখলমুক্ত করতে হবে।
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।
নিমতলী ট্রাজেডির কারণে আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএ/কেএমএস/২১০৭ ঘ.
bdnews24