ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, পুরান ঢাকার বাড়ীগুলো থেকে রাসায়নিকের গুদাম অপসারণ এবং অবৈধভাবে নির্মিত ভবনগুলো ভেঙ্গে ফেলা হবে।
রোববার সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির উচ্চ পর্যায়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, পুরান ঢাকার আবাসিক ভবনগুলোতে অবৈধভাবে রাসায়নিক পদার্থ গুদামজাত করা বন্ধ এবং ঢাকা নগরীর বিভিন্ন এলাকায় অনুমোদিত উচ্চতার চেয়ে বেশি উচ্চতায় নির্মিত ভবনগুলো চিহ্নিত করতে দু'টি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে।
রাসায়নিকের জন্য শিল্প মন্ত্রণালয় এবং অবৈধ ভবনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য, গণপূর্ত, তথ্য, শিল্প, স্বরাষ্ট্র, বিদ্যুৎ, স্থানীয় সরকার এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিবসহ ২৬ জন সচিব এবং দমকল বাহিনীর প্রধান আবু নঈম মো. শহীদুল্লাহসহ সংশ্লিষ্ট দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবদুর রাজ্জাক বলেন, পুরান ঢাকার বাড়ীগুলো থেকে রাসায়নিক পদার্থের গুদাম অপসারণ এবং অবৈধভাবে নির্মিত ভবনগুলো ভেঙ্গে ফেলার ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। টাস্কফোর্স এসব ভবন চিহ্নিত করে প্রতিবেদন দেবে।
তিনি বলেন, টাস্কফোর্সের প্রতিবেদন পাওয়ার পরই সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী জানান, পুরান ঢাকার অত্যন্ত পুরান আবাসিক ভবনগুলোতে রাসায়নিক পদার্থের মজুদ গড়ে তোলা হয়েছে অবৈধভাবে। এসব কারণেই সেখানে এতবড় অগ্নিকাণ্ড এবং এত প্রাণহানি হয়েছে। এ এলাকা থেকে রাসায়নিক পদার্থের মজুদ অবশ্যই সরিয়ে ফেলা হবে। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে গড়ে ওঠা ঢাকার অবৈধ ভবনগুলো ভেঙ্গে ফেলা হবে।
এক্ষেত্রে কেউ আদালতের আশ্রয় নিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করলে তাও আইনগতভাবে মোকাবেলা করা হবে। এজন্য আইন মন্ত্রণালয় এবং এ্যাটর্নি জেনারেল অফিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যাতে কেউ আইনের ফাঁক ব্যবহার করে রক্ষা না পায়, তিনি বলেন।
মন্ত্রী জানান, এছাড়াও দেশের সকল হাসপাতালে ট্রমা ও বার্ন ইউনিট স্থাপণ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে সিডিএমপি প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ, প্রতিটি এলাকার খেলার মাঠের পাশে জলাধার স্থাপন এবং ঢাকার প্রতিটি এলাকায় সদ্য প্রণীত 'ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ডিএপি)' প্রচারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অবদুর রাজ্জাক জানান, শান্তিনগরের সুউচ্চ কনকর্ড ভবনসহ ঢাকা মহানগরীর সকল বড় ভবন বিশেষজ্ঞদের দিয়ে নতুন করে পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষা করা হবে এসব ভবন নির্মাণের অনুমোদন ও ছাড়পত্রও। কোন রকম অনিয়ম পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
আবদুর রাজ্জাক জানান, ঢাকা মহানগরীতে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ পুরান ভবনগুলো 'রেট্রোফিটিং' বা পুন:সংস্কার করা হবে। এতে ২০ শতাংশ অতিরিক্ত ব্যয় হবে, কিন্তু ভবনগুলো ভুমিকম্প সহনশীল হয়ে উঠবে।
অল্প দিনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ভবনসহ দুটি ভবনকে প্রাথমিকভাবে পুন:সংস্কারের মাধ্যমে ভূমিকম্প সহনশীল করার কাজ শুরু করা হবে। এজন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/২০৫৬ ঘ.
bdnews24