২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগুনবাড়ির ৭ তলা ভবন ভাঙা শুরু

রাজধানীর উত্তর বেগুনবাড়িতে হেলে পড়া সাত তলা ভবনটি মালিকের লোকজনই ভাঙা শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 10:46 AM

Updated : 25 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর বেগুনবাড়িতে হেলে পড়া সাত তলা ভবনটি মালিকের লোকজনই ভাঙা শুরু করেছে। রোববার দুপুর ১টার পর থেকে ভাঙার কাজ শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাড়ির তত্ত্বাবধায়ক আকবর হোসেন। তিনি বলেন, "শ্রমিকরা সাত তলা থেকে ভাঙার কাজ শুরু করেছে। কাজ করছে সাত-আটজন শ্রমিক। ফলে পুরো ভবনটি ভাঙতে দুই থেকে তিন মাস লেগে যেতে পারে।" শনিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা বলেছিলেন, মালিককে অবিলম্বে বাড়িটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সোমবার থেকে রাজউকই ভবনটি ভাঙার কাজ শুরু করবে। রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালিকের তত্ত্বাবধায়ক ফোনে জানিয়েছেন তারা বাড়ি ভাঙার কাজ শুরু করেছে। রাজউকের কর্মকর্তারা সেখানে গেছেন ভাঙার কাজ দেখতে।" শনিবারের মধ্যে বাড়ির সব লোকজন অন্যত্র চলে গেছে। ভেঙে ফেলার জন্য বাড়ির দেয়ালে নোটিশ টানিয়ে দেয় রাজউক। বিদ্যুৎ সংযোগ কেটে দেয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারি পুলিশ কমিশনার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য রাজউকের অনুরোধে বাড়িটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ির মালিক সিরাজ মিয়া কারাগারে রয়েছে। শুক্রবার উত্তর বেগুনবাড়ির ৪০/এ সাততলা ভবনটি উত্তর দিকে হেলে পড়ে। এর আগে বেগুনবাড়ি এলাকায় গত মঙ্গলবার একটি পাঁচতলা ভবন ধসে ২৫ জনের প্রাণহানি হওয়ার পর এই ভবনটি হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের বাসিন্দা ও আশেপাশের লোকজনের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/কেএমএস/১৬২৩ ঘ