ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শিল্পাঞ্চল থানার নাখালপাড়ায় এবার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে।
ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুত, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার বিকেল চারটার দিকে ভবনটি পাশের একটি মসজিদের দিকে হেলে যায় বলে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন।
সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন বিষয়টি দমকল বাহিনীকে জানায়। খবর পেয়ে দমকল বাহিনীর তেজগাঁও শিল্প এলাকার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মামুনুর রশীদ একাধিক গাড়ী ও উদ্ধার কর্মী নিয়ে ওই ভবনের কাছে যান।
মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব নাখালপাড়া সমিতি বাজারের কাছে ৫২৭/১ নম্বর ভবনটি হেলে পড়ার খবর বিকেল ৪ টার দিকে আমাদের কাছে আসে। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ভাবে মনে হয় ভবনটি দক্ষিণ দিকে হেলে পড়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সঠিক ভাবে বলা যাবে না।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভবনটি নির্মান অবৈধ কিনা তা রাজউক বলতে পারবে। তবে দোতলার পর থেকে পাঁচতলা পর্যন্ত নির্মান কাজ মূল কাঠামো থেকে বেশ বাড়িয়ে করা হয়েছে।
আল আমিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় তিনদিন আগে ভবনের গ্যাসের লাইন ফেটে যাওয়ার পর গ্যাস বের হতে থাকলেও কেউ ঠিক করার উদ্যোগ নেয়নি। শনিবার গ্যাসের লোকজন আসার পর ভবন হেলে পড়ার গুঞ্জন শুরু হয়। এরপরেই পুলিশ, দমকল বাহিনীর লোকজন ছুটে আসে।
সমিতি বাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুজিবুল হক ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ২ বছর আগে ভবনটি হেলে পড়ার গুঞ্জন উঠেছিল। তখন মসজিদ কমিটির পক্ষ থেকে একজন প্রকৌশলী এনে পরীক্ষা করে মালিককে ভবনের বাড়তি অংশগুলো ভেঙ্গে ফেলার জন্য বলা হয়েছিল। কিন্তু এই ভবনের মালিক তা করেনি।
ভবনটির নীচতলায় দোকান। দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত মেস হিসেবে ভাড়া দেওয়া।
শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ভবনের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে মামলা হবে এবং বাড়ির মালিককে গ্রেপ্তার করা হবে।
তিনি জানান, ইতিমধ্যে রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সিদ্ধান্ত নেওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। তবে এর আগে বাড়ীর সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকাটি ঘিরে রেখেছে।
রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ভবন ধ্বসে ২৫ জনের প্রাণহানির ঘটনার মাত্র পাঁচদিনের মধ্যে ভবন হেলে পড়ার এটি তৃতীয় ঘটনা। বেগুনবাড়ি এলাকাতে গত শুক্রবার আরো একটি ভবন হেলে যায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএইচ/কেএমএস/১৯০৮ ঘ.
bdnews24