ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে পাঁচতলা ভবন ধসে হতাহতের ঘটনা তদন্তে বৃহস্পতিবার ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোফাকখারুল ইকবাল।
এই তদন্ত কমিটির প্রধান করা হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জিল্লার রহমানকে। মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ মিজানুর রহমান এ কমিটির সদস্য সচিব।
এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তর ও হাউজ বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট-এর একজন করে প্রতিনিধি থাকছেন এই তদন্ত কমিটিতে।
মন্ত্রণালয়ের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
মঙ্গলবার রাতে বেগুনবাড়িতে ওই ভবনটি ধসে পড়ে। দুইদিন ধরে উদ্ধার কাজ চলার পর বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/এইচএ/১৭৫৬ ঘ.
bdnews24