ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রসফায়ার-গুপ্ত হত্যার মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ''দেশ ভয়ঙ্কর বাকশালী শাসনের দিকে এগুচ্ছে।''
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস আশঙ্কা প্রকাশ করে বলেন, ''সরকারের আইনমন্ত্রী বলছেন, দেশে কোনো ক্রসফায়ার নেই। অথচ প্রতিদিনই ক্রসফায়ার ও গুপ্ত হত্যা হচ্ছে। আজকের (বৃহস্পতিবার) পত্রিকাতেও ক্রসফায়ারে দুজনকে হত্যার খবর বেরিয়েছে। এরকম ক্রস ফায়ার ও গুপ্ত হত্যা হয়েছিলো '৭৩ থেকে '৭৫ সাল পর্যন্ত। দেশ আজ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে।''
সরকারের বিরুদ্ধে দলের ডাকা কর্মসূচি সফল করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান মির্জা আব্বাস।
আমার দেশ পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের সমালোচনা করে তিনি বলেন, ''এ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায়। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, লেখা যাবে না। এরকম শৃঙ্খল যারা মানবে না, তাদের বিরুদ্ধেই খড়গ চালাবে তারা।''
তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের সমালোচনাও করেন।
১/১১ এর সঙ্গে দলের কিছু নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ''সরকারের বিরুদ্ধে আন্দোলনে কর্মীদের মাঠে থাকতে হবে। তবে দলের ভেতরে মোহাম্মদী বেগদের বিষয়ে লক্ষ্য রাখতে হবে।''
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সরকারি দল সংসদকে অকার্যকর করে ফেলেছে। সেখানে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না। স্পিকার নিরপেক্ষ নন। আমরা কথা বলতে উঠলেই তিনি মাইক বন্ধ করে দেন।''
যুব দলের সহসভাপতি আবদুস সালাম আজাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, যুবদলের সাধারন সম্পাদক সাইফুল আলম নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জাম্মেল হক, মহানগর যুব দলের নেতা মামুন হাসান, এস এম জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম মজনু বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৩৯ ঘ.
bdnews24