২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসা 'ক্লাইম্বিং ওয়াল' স্থাপন করতে চান

পর্বতারোহণে তরুণদের অনুপ্রাণিত করার ইচ্ছা জানিয়ে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম বলেছেন, তিনি এখন একটি 'ক্লাইম্বিং ওয়াল' স্থাপনের স্বপ্ন দেখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 05:55 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্বতারোহণে তরুণদের অনুপ্রাণিত করার ইচ্ছা জানিয়ে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম বলেছেন, তিনি এখন একটি 'ক্লাইম্বিং ওয়াল' স্থাপনের স্বপ্ন দেখেন। বুধবার বিকালে আইডিবি (ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক) মিলনায়তনে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা এ কথা বলেন। তিনি বলেন, "যাতে আগ্রহীরা পাহাড়ে আরোহণের প্রস্তুতি নিতে পারে সেজন্য ক্লাইম্বিং ওয়াল তৈরি করতে চাই।" গত ২৩ মে প্রথম তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। মঙ্গলবার নেপাল থেকে দেশে ফেরেন তিনি। মুসা ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের ওইদিন গণভবনে মহাজোটের যৌথ সভা পরবর্তী নৈশ ভোজে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়ে বলেন, মুসার সাহসিকতাপূর্ণ কাজ প্রমাণ করেছে বাঙালি সবই পারে। সংবাদ সম্মেলনে এনএসিবির সাধারণ সম্পাদক মুসার সঙ্গে এভারেস্ট আরোহণের সঙ্গী তিন শেরপা ও সংগঠনটির সভাপতি আনিসুল হকও উপস্থিত ছিলেন। এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে মুসা জানান, তার মনোবল এতোই শক্ত ছিল যে-প্রতিকূল আবহাওয়ায়ও মনে হয়নি এভারেস্ট জয় করতে পারবেন না তিনি। "আগামীতে তরুণদের অনুপ্রাণিত করার জন্যে কাজ করতে চাই। সামাজিক বা পারিপার্শ্বিক সমস্যার কারণে লক্ষ্য'র দিকে এগোতে পারে না যারা তাদের এগিয়ে নিতে চাই", বলেন মুসা। মুসা জানান, ফ্যান্টাসি কিংডম বা জাম্বুরি মাঠে নির্মিত ক্লাইম্বিং ওয়ালের মতোই সাধারণ মানুষের জন্য ক্লাইম্বিং ওয়াল তৈরি করতে চান তিনি। সরকারি বা বেসরকারি উদ্যোগে এ ধরনের দেয়াল তৈরি করা যেতে পারে। এজন্যে প্রায় ২৬ লাখ টাকা (জমি ছাড়া) ব্যয় হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/২৩৪২ ঘ.