ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকাল থেকে শুরু এক ঘটনার নাটকীয় ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত ভোররাতে বিএনপি সমর্থক দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এর আগে রাতে পত্রিকাটির প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল এবং এর প্রেস সিলগালা করে দেয় সরকার।
পত্রিকাটির উপ-সম্পাদক ও প্রধান প্রতিবেদক সৈয়দ আবদাল আহমেদ রাত ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ মাহমুদুর রহমানকে গেপ্তার করে নিয়ে গেছে।
প্রতারণার অভিযোগে মাহমুদুরকে গেপ্তারের জন্য পুলিশ রাত সাড়ে তিনটার দিকে পত্রিকাটির কারওয়ান বাজারের কার্যালয়ে জোরপূর্বক ঢুকে পড়ে। মাহমুদুর রহমানকে রাত ৪টার দিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। ওই সময় ছাত্রদল ও বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী আমার দেশ কার্যালয়ের নিচে অবস্থান করছিলেন।
এর আগে পত্রিকাটির প্রকাশক হাশমত আলী হাসু তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাহমুদুর রহমানের বিরেুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় প্রতারণার মাধ্যমে আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়।
এর আগে সকালে হাসুকে তার শাহজাহানপুরের বাড়ি থেকে সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পরিবারের লোকজন।
বিকালে হাসুকে ছেড়ে দেওয়া হয়।
এর আগেই মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে মামলার আশঙ্কা করছেন তিনি।
সাবেক জ্বলানি উপদেষ্টা মাহমুদুর রহমান ২০০৮ সালে আমার দেশ পত্রিকাটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন। এরপর পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নেওয়ার জন্য তিনি জেলা প্রকাশককে চিঠি দেন। সে সময় থেকেই ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে রয়েছেন তিনি।
মাহমুদুর রহমান বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এর আগে চারদলীয় জোট সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর ভাই হাশমত আলী হাসু প্রকাশক হিসেবে পত্রিকাটি প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০৪০০ ঘ.
bdnews24