২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞ আইনজীবীদের আনছে যুদ্ধাপরাধীরা

সিয়েরা লিয়নসহ বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ বিষয়ক কাজে অভিজ্ঞতা সম্পন্ন বিশ পঁচিশ জন আইনজীবীকে বাংলাদেশে আনতে যুদ্ধাপরাধীরা প্রস্তুতি নিচ্ছে। এ কথা জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লে. জে. (অব.) হারুন অর রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 06:21 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিয়েরা লিয়নসহ বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ বিষয়ক কাজে অভিজ্ঞতা সম্পন্ন বিশ পঁচিশ জন আইনজীবীকে বাংলাদেশে আনতে যুদ্ধাপরাধীরা প্রস্তুতি নিচ্ছে। এ কথা জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লে. জে. (অব.) হারুন অর রশিদ। মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন। হারুন বলেন, প্রাণে বাঁচতে যুদ্ধাপরাধীরা সিয়েরা লিয়নসহ বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ২০-২৫ জন আইনজীবীকে দেশে আনার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া ব্যারিস্টার আবদুর রাজ্জাকের নেতৃত্বে ১১৮ জন দেশীয় আইনজীবীর সমন্বয়ে একটি প্যানেলও চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, গোলাম আযমের নাগরিকত্ব মামলার মত ফল ঘরে তুলতে যুদ্ধপরাধীরা চার ধরণের প্রস্তুতি নিচ্ছে। এগুলো হচ্ছে আইনী পন্থায় মোকাবেলা, মিত্রদের নিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা, আন্তর্জাতিক মিত্রদের দিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি এবং সশস্ত্র ক্যাডার দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। এ সব মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে অভিযোগ করেন তিনি। সমাবেশে এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, নিজামী-মুজাহিদরা বাঁচার জন্য অনেক চেষ্টাই করবে। তবে তাদের দৌড়ের গতি ও সীমানা আমরা জানি। সব ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করে এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর লন্ডনে খুনিরা দম্ভ করে নানা কথা বলেছিল, সেসব টিকেনি। যুদ্ধাপরাধ নিয়ে দম্ভকারীরাও টিকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম সাইদুল হক চৌধুরী, যুগ্ম-আহবায়ক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের আহবায়ক অধ্যাপক আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/০০১৭ঘ.