ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভারেস্ট জয়ী প্রথম বালংদেশী মুসা ইব্রাহিমকে অভিনন্দন জানিয়ে বলেছেন, মুসার সাহসিকতাপূর্ণ কাজ প্রমাণ করেছে বাঙালি সবই পারে।
তিনি গতকাল গণভবনে মহাজোটের যৌথসভা শেষে বৈঠকস্থলেই মুসাকে অভিনন্দন জানান।
মুসা ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের মঙ্গলবার গণভবনে যৌথ সভা পরবর্তী নৈশ ভোজে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় মুসা, তার স্ত্রী ও শিশু পুত্রসহ পরিবারের সদস্যরা এবং নর্থ অ্যালপাইন ক্লাবের সদস্যরা মঞ্চে উঠে আসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসার কাছে এভারেস্ট জয়ের অভিজ্ঞতা জানতে চান। মুসা তার অভিজ্ঞতা বর্ণণা করেন।
প্রধানমন্ত্রীর অভিনন্দনের জবাবে মুসা বলেন, "আমি আশা করি, তরুণদের উদ্যোগের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। তরুণরা বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবে।"
এর আগে মুসা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি আজকে অত্যন্ত খুশি। আমি আপনাদের মাঝে এই খুশি বিলিয়ে দিতে পেরে নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২৩০৭ ঘ.
bdnews24