২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেয়র প্রার্থী ৮, প্রতীক বরাদ্দ বুধবার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এই তালিকা অনুযায়ী মেয়র পদে প্রার্থী হলেন আটজন। গতবার এ সংখ্যা ছিল ২১ জন। ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হলেন ৫৯ জন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় চূড়ান্তপ্রার্থী তালিকা ঘোষণা করে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর মুসলিম হলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে নির্বাচন কার্যালয় জানিয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকাল পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর ৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাতজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি জানান, বুধবার সকাল নয়টা থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। গত ২০ মে ১৮ জন মেয়র পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ১৩ জনের প্রার্থীতা বৈধ ঘোঘণা হয়। অপরদিকে, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে যাচাই-বাছাই শেষে ৩০২ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৬ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছিলো। নির্বাচন কার্যালয় জানায়, জামায়াতের আফসার উদ্দিন, আওয়ামী লীগের ইসহাক মিয়া, রেজাউল করিম চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী ও ইসলামিক ফ্রন্টের সোলায়মান ফরিদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টি (এরশাদ) মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ প্রার্থিতা প্রত্যাহার করেননি। মেয়র পদের বাকি প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নাগিরক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ জোহা, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম, মোফাজ্জল হোসেন ভূইয়া ও রফিকুল আলম। ২০০৫ সালের ৯ মে অনুষ্ঠিত সর্বশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৩০৪। ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০২২ ঘ.