ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র নেতৃত্বাধীন বিরোধী জোট বুধবার শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দেবে কিনা- সে সিদ্ধান্ত এখনো নেয়নি বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার অধিবেশনে যোগ দেওয়ার আগের শর্তগুলো স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, "অধিবেশন কক্ষে সামনের সারিতে আসন সংখ্যা বাড়ানো, বেগম খালেদা জিয়া ও তার দুই ছেলের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা তুলে নেয়া এবং খালেদা জিয়ার বাড়ি নিয়ে ষড়যন্ত্র বন্ধসহ নানা দাবি পূরণ হলেই অধিবেশনে যোগ দেবে যোগ দেবে বিএনপি।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার এবার দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করবে।
তবে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ আশা করছেন, গুরুত্বপূর্ণ এই অধিবেশনে অংশ নেবে বিরোধী দল।
বিরোধীদের দাবি সম্পর্কে আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব দাবি বাদ দিয়ে তারা আগেও সংসদের অধিবেশনে যোগ দিয়েছিল।"
ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার আমাদের দাবিগুলো এখনো মেনে নেয়নি। বিএনপি সংসদীয় দল এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।"
সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৮ জুলাই পর্যন্ত নবম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন চলবে। যদিও, বুধবার স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ১০ জুন ২০১০-১১ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
অধিবেশনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ মিনিট সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন। কর্মকর্তারা জানিয়েছেন, ১৫টি বিল সংসদে পাশের অপেক্ষায় আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএএ/জিএনএ/১৯৩১ ঘ.
bdnews24