পঞ্চগড়, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুপ্রবেশের অভিযোগে পঞ্চগড়ে আটক তিন ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে বোদা উপজেলার বড়শশী সীমান্ত থেকে বিডিআর সদস্যরা তাদের আটক করে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন- ভারতের জলপাইগুড়ি জেলার ঘুমটি সরকারপাড়া গ্রামের রাজেন রায় (৫০), সুমন রায় (৩৫) ও মানিক রায় (২৫)।
বোদা থানার ওসি কায়সার খান বলেন, ভারতীয় ওই তিন নাগরিক বড়শশী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।
জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, দিনাজপুরে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তারা ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দিনাজপুরের খানসামায় তাদের বাড়ি ছিল। দীর্ঘদিন আগে তারা ভারতে চলে যান।
ওসি জানান, মঙ্গলবার সকালে আটককৃতদের থানায় সোপর্দ করে বিডিআর। বড়শশী সীমান্ত ফাঁড়ির বিডিআর কর্মকর্তা খায়রুল বাসার বাদি হয়ে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেন।
পরে তাদের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24