ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চার জেলায় সোমবার ঝড় ও বজ্রপাতে ছয়জন নিহত ও অন্তত একশ' জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় দেড়হাজার ঘরবাড়ি।
এর মধ্যে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ায় পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়। ঝিনাইদহে অন্তত ১৫ জন আহত ও ১০টি গ্রামের পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়। ফরিদপুরের ভাঙ্গায় ঝড়ের সময় বজ্রপাতে এক কৃষক মারা যায়। যশোরে বিধ্বস্ত হয় প্রায় এক হাজার ঘরবাড়ি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, বেলা ১১টার দিকে সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় ঝড় আঘাত হানে। কোম্পানিগঞ্জ উপজেলায়ও ঝড়ের খবর পাওয়া গেছে। সুবর্ণচর ও হাতিয়ায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়। সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের বাসিন্দা ছালেহা খাতুন (৩২), তার মেয়ে সাজেদা খাতুন (১৪ মাস), হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মাহিম (৮), সফিক (১০) এবং চরবাশারের আমেনা বেগম (৪২) ঘর চাপা পড়ে মারা যান।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চর তোরাবআলী গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে ঝড়ে ঘর চাপা পড়ে ছালেহা ও সাজেদা মারা যায়।
তোরাবআলী ও কেরামতপুর গ্রামে অন্তত ৪০ জন আহত হয় বলে জানান তিনি। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
চর তোরাব আলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান হোসেন জানান, স্কুলে আসার পথে ঝড়ের মধ্যে পড়ে স্কুলের পাঁচ শিক্ষার্থী আহত হয়।
ফারজানা নামে চতুর্থ শ্রেণীর এক প্রতিবন্ধী ছাত্রী নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
হাতিয়ার জনতা বাজারের বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ জানান, জনতা বাজার ও তার আশপাশ এলাকায় প্রায় দুশ ঘর বিধ্বস্ত হয়। এ সময় ঘরচাপা পড়ে ছলেমা ও সফিকউদ্দিন মারা যায়।
এছাড়া কোম্পানিগঞ্জে ঝড়ে ২ ছাত্র আহত ও ৫০টি কাঁচা ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানান নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন আহমেদ চৌধুরী।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার শৈলকূপা উপজেলায় সকালে ঝড়ে ১০টি গ্রামের পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
মহেশপুর উপজেলার তিনটি গ্রামে কয়েকশ ঘর বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ গ্রামগুলো হচ্ছে- শৈলকূপার দোহারো, হাকিমপুর, হরিহরা, পূর্ব মাদলা, খুলুমবাড়ি, পশ্চিম মাদলা, সারুটিয়া, গাংকুলা, শাহাবাড়িয়া, নাদপাড়া ও তেঘড়িয়া এবং মহেশপুরের কাজীরবেড়, ফতেপুর ও স্বরূপপুর।
দোহারো গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য উজির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে হঠাৎ করে ঝড় আঘাত হানে। অনেক ঘর বিধ্বস্ত হয় এবং বিপুল সংখ্যক গাছপালা উপড়ে পড়ে। এতে অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।
হাকিমপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তার এলাকায় প্রায় ৩শ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
সারুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক দত্ত জানান, পাশের প্রাইমারি স্কুলের ছাত্ররা আকাশে মেঘ দেখে তার স্কুলে আশ্রয় নেয়। স্কুলঘর বিধ্বস্ত হয়ে সাত শিক্ষার্থী আহত হয়েছে।
শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার জানান, ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় অনেক পরিবার খোলা আকাশের নিচে রয়েছে। দুপুরে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।
এদিকে মহেশপুরের কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জানান, কাজীরবেড়, স্বরূপপুর ও ফতেপুর ইউনিয়নে ঝড় বয়ে যায়। এতে প্রায় ৩শ ঘর বিধ্বস্ত হয়। এছাড়াও ক্ষেতের মুগকালাই ও পাটের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ফরিদপুর প্রতিনিধি জানান, সকাল ৯ টার দিকে জেলার ভাঙ্গা উপজেলা সদরের চৌধুরীকান্দা-সদরদী গ্রামে বজ্রপাতে বালা মুন্সী (৫০) নামের এক কৃষক ঘটনাস্থলেই মারা গেছে।
ওই গ্রামের কলেজ শিক্ষক মাহিবুল ইসলামের বরাত দিয়ে ভাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বালা মুন্সী তার পাটক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন। সকাল ৯টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
যশোর প্রতিনিধি জানান, অভয়নগরের পায়রা ইউনিয়নের পাঁচটি গ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সকাল সাড়ে ৯টায় দুই মিনিটের এই ঝড়ে প্রায় এক হাজার কাঁচা ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। কয়েকহাজার গাছপালা ভেঙে পড়ে। আহত হয় অর্ধশতাধিক মানুষ।
এরমধ্যে গুরুতর আহত শিশু আসমাকে (১২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন জানান, পায়রা ইউনিয়নের বারান্দি, আড়পাড়া, পায়রা, ঘোড়াদাইড় ও চোমরডাঙ্গা গ্রামের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকবর আলী জানান, এলাকা ঘুরে দেখা গেছে, পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় চারশ' বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে আরো প্রায় ৬শ ঘরবাড়ির।
প্রাথমকিভাবে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24