২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের বাড়িতে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রোববার ব্রাহ্মণবাড়িয়ায় তার মায়ের বাড়ি ঘুরে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 08:06 AM

Updated : 25 Aug 2022, 11:24 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রোববার ব্রাহ্মণবাড়িয়ায় তার মায়ের বাড়ি ঘুরে এসেছেন। তিনি মায়ের কবর জিয়ারতের পাশাপাশি একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রপতি নানা বাড়ির বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। জিল্লুর রহমান বলেন, "মানুষকে ভালবাসার এবং মানুষের কল্যাণে কাজ করার যে শিক্ষা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে পেয়েছি তা আজো হৃদয়ে লালন করে চলেছি।" "মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত যেন কাজ করতে পারি আপনাদের কাছে সে দোয়াই চাই", বলেন তিনি। সরকারদলীয় সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামও বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি সকাল পৌনে ১১টার দিকে হেলিকপ্টার থেকে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে নামেন। এর পর সড়ক পথে তিনি যান জেলা শহরের দক্ষিণ পৈরতলায় নানার বাড়িতে। শৈশবের স্মৃতি বিজড়িত ওই বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন জিল্লুর রহমান। মায়ের কবর জিয়ারতের পর নানার বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু সময় কাটিয়ে সাড়ে ১১টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে এ সংবর্ধনায় দেওয়া হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে চড়ে কিশোরগঞ্জের পথে রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.