২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গণভোজ আয়োজন স্থলে গুলিবর্ষণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে গণভোজের রান্নার প্রস্তুতিকালে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে এবং হুমকি দিয়েছে আয়োজকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 05:39 PM

Updated : 25 Aug 2022, 11:19 AM

নারায়ণগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে গণভোজের রান্নার প্রস্তুতিকালে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে এবং হুমকি দিয়েছে আয়োজকদের। শনিবার রাতে শহরের গলাচিপা মোড়ে এ ঘটনার পর বিএনপির লোকজন ভয়ে ওই এলাকা ছেড়ে চলে গেছে। বিএনপি এ ঘটনার জন্য যুবলীগকে দায়ী করছে। পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন জানান, ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণভোজ উপলক্ষে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয় গলাচিপার মোড়ে। সেখানে রান্নার প্রস্তুতি নেওয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়ে যুবলীগের কর্মীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। তারা বিএনপি নেতাদের হুমকি ও অশ্লীল গালিগালাজ করে রোববার কোনো কর্মসূচি পালন না করতে বলে। হামলাকারীরা নিজেদের যুবলীগের নেতা পরিচয় দেয় বলেও তিনি জানান। জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির বলেন, যুবলীগের নাম ভাঙিয়ে কেউ কোনো ঘটনা ঘটিয়েছে কিনা তা তিনি জানেন না। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.