২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রায় ২৫,০০০ কেজি মেলামিন উদ্ধার

মুরগি মাছ ও গরুর খাবারে মেশানোর জন্য আমদানি করা বিপুল পরিমাণ মেলামিন উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

নারায়ণগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ বিষাক্ত মেলামিন উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫ হাজার কিলোগ্রাম মেলামিন উদ্ধার করেন ব্যবসায়ী নেতারা। পাঁচশ বস্তায় থাকা এ বিপুল পরিমাণ পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। প্রতিবস্তার ওজন ৫০ কেজি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। নিতাইগঞ্জ সম্মিলিত ব্যবসায়ী সমিতির কয়েকজন নেতা জানান, দুপুরে নিতাইগঞ্জের পাইকারী ব্যবসা কেন্দ্রের সম্মিলিত ব্যবসায়ী সমিতির নেতারা মাছুয়াবাজার এলাকার আবু ট্রেডার্সে মুরগি ও মাছের খাবারে মেলামিন মেশানোর সময় প্রতিষ্ঠানটির মালিক আবু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। আবুর দেওয়া তথ্য অনুযায়ী জনি ট্রেডার্স, মিলন ফ্লাওয়ার মিল এবং আব্বাসউদ্দিন ভুলু নামের একজনের মালিকানাধীন হলুদ-মরিচ গুঁড়া করার মিলে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক বস্তা মেলামিন উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয় বলে জানান নেতারা। নারায়ণগঞ্জ সদর মডেল থানা থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" সমিতির আহবায়ক ও আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটা, ভুষি এবং মুরগি ও মাছের খাবারসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে মেলামিন না মেশানোর জন্য কয়েক মাস আগে চিঠি দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছিলো সমিতি। তিনি বলেন, "গরুর খাবারের এক বস্তা ভুষির দাম নয় শ' টাকা। আর এক বস্তা মেলামিনের দাম চার শ' টাকা।" তবে এসব মেলামিন কে বা কারা আমদানি করেছে তা জানাতে পারেননি মতিউর। নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান জানান, মেলামিন একটি বিষাক্ত ধাতব পদার্থ। এটি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ২০০৮ সালের নভেম্বর মাসে দেশে আমদানি করা গুঁড়োদুধে মেলামিনের উপস্থিতি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। ওই সময় দেশে বিক্রি হয় এমন বিভিন্ন প্রতিষ্ঠানের গুঁড়োদুধ দেশে-বিদেশে পরীক্ষার পর পুনরায় বিক্রির অনুমতি দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২১০৮ ঘ.