২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

নারায়ণগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। শ্রমিকরা পাঁচ-ছয়টি বাস ভাংচুর করে এবং চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাস চালক ও সহকারীকে অপহরণ করা হয়েছে গুজব ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকরাও একই সড়ক চাষাড়ার কাছে প্রায় সাড়ে চার ঘন্টা অবরোধ করে রাখে। এর ফলে শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত সংযোগ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ে। বিকল্প পথে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়ক দিয়ে যাতায়াত শুরু হলে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড়ে পোষাক কারখানা এস বি নিটওয়্যার লিমিটেডের আয়রনম্যান হোসেন আলী (২৮) রাস্তা পার হওয়ার সময় সেতু পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় হোসেন আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এই খবরে ওই কারখানার কয়েক হাজার শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা সেতু পরিবহনের চারটি বাস আটক করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের মধ্যস্থতায় গার্মেন্টস শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরিবহন মালিকরা। কিন্তু কোন সমঝোতা না হওয়ায় সকাল সাড়ে ১০ টার দিকে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে। এ সময় তারা আটকে রাখা চারটি বাস ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তেজিত শ্রমিকরা আরো ৫-৬ টি গাড়ি ভাংচুর করে। পুলিশ সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের হঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পোশাক শ্রমিকরা সেতু পরিবহনের চালক ও হেলপারকে অপহরণ করেছে এমন গুজবে পরিবহন শ্রমিকরাও বেলা ১১ টার দিকে নারয়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় এলোপাথাড়ি গাড়ি রেখে সড়ক অবরোধ করে। কয়েক দফায় পরিবহন শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা চালায় পুলিশ। পরে অপহরণের খবর মিথ্যা নিশ্চিত হয়ে দুপুর ১ টার দিকে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয়। নারায়ণগঞ্জ জেলা মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি মোক্তার হোসেন জানান, দুর্ঘটনার পর পরিবহন মালিক সমিতির কর্তৃপক্ষ আহত শ্রমিকের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিতে চেয়েছিল। কিন্তু পোশাক কারখানা কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অসম্মতি প্রকাশ করায় পোশাক শ্রমিকরা বাস ভাংচুর করেছে। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ কেএমএস/১৯০৮ ঘ.