ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়ছে না।
লালমনিরহাট থেকে ট্রেন আসতে দেরি হওয়ায় ফিরতি ট্রেনটি চালানো সম্ভব হচ্ছে না বলে রেল বিভাগ জানিয়েছে।
লালমনি এক্সপ্রেসের রাত ১০টা ১০ মিনিটে কমলাপুর রেল স্টেশন ছাড়ার কথা।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক ব্যবস্থাপক সৈয়দ জহুরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমনিরহাট থেকে ট্রেনটি আসতে অস্বাভাবিক দেরি হওয়ায় আজ (বৃহস্পতিবার) তা পুনরায় লালমনিরহাটের পথে ছেড়ে যাবে না।
তবে শুক্রবার থেকে ট্রেনটি নির্ধারিত সময়ে চলাচল করবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24