ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভেদ ভুলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করতে দলীয় নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই বৈঠকে চট্টগ্রাম মহানগর ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি হানিফও ছিলেন। মহিউদ্দিনের মনোনয়নের বিরোধিতাকারীদেরও ডাকা হয় বৈঠকে।
বৈঠকে অধিকাংশ নেতাই মহিউদ্দিনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন বলে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
"তবে প্রধানমন্ত্রী বলেছেন, এটা মহিউদ্দিনের প্রেস্টিজ নয়। এটা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষের প্রেস্টিজ", বলেন তিনি।
কেন্দ্রীয় আওয়ামী লীগ ইতিমধ্যে মেয়র পদে তিনবার বিজয়ী মহিউদ্দিনকে সমর্থন দিয়েছে। তিনি প্রার্থী হয়েছেন নাগরিক কমিটির ব্যানারে।
বৈঠক থেকে বেরিয়ে হানিফ সাংবাদিকদের বলেন, "মহিউদ্দিনকে কীভাবে বিজয়ী করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন নেত্রী (হাসিনা)।"
মেয়র পদে মহিউদ্দিনের বিরোধিতা করে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
দলে কোন্দলের বিষয়ে হানিফ বলেন, "আওয়ামী লীগের মতো একটি বড় দলে মতভেদ থাকতেই পারে। তবে আমরা মনে করি, অতীতের ক্ষোভ-বিক্ষোভ ভুলে সবাই এক সঙ্গে কাজ করতে পারলে চট্টগ্রামে আমাদের প্রার্থীকে বিজয়ী করা সম্ভব।"
এর পরপরই গণভবন থেকে একই গাড়িতে করে বের হন মহিউদ্দিন চৌধুরী, তার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসহাক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির মহাসচিব কাজী ইনামুল হক দানু।
মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, "নেত্রী (হাসিনা) আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী সবাই চট্টগামে ফিরে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।"
স্থানীয় নেতাদের ক্ষোভের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "প্রার্থী হলে ক্ষোভ থাকতেই পারে। আওয়ামী লীগের মতো এত বড় একটা সংগঠনে ক্ষোভ থাকাটা স্বাভাবিক। তবে আজ (বৃহস্পতিবার) থেকে আমরা এক প্লাটফর্মে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।"
এ সময় মহিউদ্দিনের সঙ্গে থাকা ইসহাক বলেন, "এখন আর কোনো ক্ষোভ নেই। নেত্রী সবাইকে এক সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।"
ইনামুল হক বলেন, "নেত্রী আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। তার দেখানো পথেই আমরা জয়লাভ করবো।"
বৈঠকে অংশ নেওয়া চট্টগ্রামের সংসদ সদস্য এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেত্রী বলেছেন, এই নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে মহিউদ্দিন চৌধুরীকে জয়ী করতে হবে। আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জন্যই তাকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
মহাজোট শরিক জাসদের কার্যকরী সভাপতি এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদলও বৈঠকে ছিলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক সমস্যা, অনেক সমালোচনাই থাকতে পারে। কিন্তু, সব সমস্যা ও সমালোচনার উর্ধ্বে উঠে সবাই এক সঙ্গে কাজ করবে। এটাই আজকের বৈঠকের সিদ্ধান্ত।"
বাদল জানান, বৈঠকে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী চট্টগাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরীও ছিলেন। তিনিও মহিউদ্দিনের পক্ষে কাজ করার প্রতিশ্র"তি দিয়েছেন।
বৈঠকে আরো ছিলেন চট্টগ্রামের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আখতারুজ্জামান বাবু প্রমুখ।
চট্টগ্রাম নগরীর চার সংসদ সদস্যের মধ্যে দুজন বিদেশে রয়েছেন। তারা হচ্ছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি এমএ লতিফ।
বৈঠকের বিষয়ে রেজাউল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামে আগে আওয়ামী লীগ মানে মহিউদ্দিন চৌধুরী মনে করা হলেও পরিস্থিতি এখন ভিন্ন। দলীয় কোন্দল নিয়ে কথা উঠলে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো।"
মেয়র নির্বাচনকে সামনে রেখে স
bdnews24