ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় সহপাঠীর মৃত্যুর পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্ররা পলাশী এলাকায় অন্তত ১২টি গাড়ি ভাংচুর করেছে। আগুন দিয়েছে চারটি যাত্রীবাহী বাসে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইডেন কলেজের সামনের রাস্তায় বাসচাপায় নিহত হন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র খোন্দকার খান জাহান সম্রাট (১৯)। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বুয়েট সংলগ্ন পলাশী বাজার থেকে আজিমপুর মোড় পর্যন্ত রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় বুয়েটের তিন শতাধিক শিক্ষার্থী। পরে তিন দফা দাবি জানিয়ে বেলা ৩টার দিকে হলে ফেরে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্রাটের বাবা খোন্দকার মো. শাহ আলম একজন সরকারি কর্মকর্তা। থাকেন খুলনায়। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরে।
লালবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদ ইবনে সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইডেন কলেজের সামনের রাস্তায় সকাল সাড়ে ৮টার দিকে একটি বাস সম্রাটকে চাপা দেয়। তখন ইডেন কলেজের এক কর্মচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্রাটের বোন শাম্মী আক্তার ঢাকা মেডিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্রাটের আজ মিরপুরে তার বাসায় যাওয়ার কথা ছিলো। সকালে মিরপুরের বাসে উঠার জন্য সম্রাট বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলো। সে সময় একটি বাস তাকে চাপা দেয়।
দুপুরে জোহরের নামাজের পর বুয়েট মসজিদে সম্রাটের জানাজা হয়। এরপর তার লাশ দাফনের জন্য বুয়েটের গাড়িতে করে বেলা আড়াইটার দিকে গ্রামের বাড়ি গোপালগঞ্জে পাঠানো হয়।
সম্রাটের মৃত্যুর খবর পেয়ে সাড়ে ১১টার দিকে ৩ শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে তারা ভাংচুর শুরু করলে পলাশী থেকে আজিমপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৩টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এএসআই সাইদ আরো জানান, উইনার পরিরহনের একটি যাত্রীবাহী বাস সম্রাটকে চাপা দেয়। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে
bdnews24