সুনামগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রবাসে সিট বরাদ্দ না পয়ে ছাত্রদল সমর্থকরা বুধবার সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ তালেব ছাত্রাবাসে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তারা ছাত্রবাসের কয়েকজন ছাত্রকে মারধর করেছে বলেও থানায় লিখিত অভিযোগে বলা হয়।
শহীদ তালেব ছাত্রাবাসের অধিনায়ক ছাত্রলীগ নেতা মো. মহিবুর রহমান বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় এই অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ছাত্রদলের কয়েকজন সমর্থক মঙ্গলবার রাতে ছাত্রাবাসে গিয়ে একটি সিট বরাদ্দ দিতে বলে অধিনায়ককে। কিন্তু সিট না থাকায় মহিবুর অপারগতা জানান।
এর জেরে বুধবার দুপুরে দা, রামদা, লোহার রডসহ ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রবাসে হামলা চালায়। বিভিন্ন কক্ষে ঢুকে তারা বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলে এবং বইপত্র তছনছ করে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ছাত্রদলের কেউ এ ধরনের কাজ করেনি। হয়রানির জন্য এ ধরনের মামলা সাজানোর চেষ্টা হচ্ছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান জানান, তালেব ছাত্রাবাসে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে বলে অধিনায়ক তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24