২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মান্তরিতের চেষ্টা, আটকের পর মুক্ত ৫

ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে বুধবার ময়মনসিংহে তিন ধর্মযাজকসহ পাঁচজনকে আটক করে আবার ছেড়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 06:30 PM

Updated : 25 Aug 2022, 11:12 AM

ময়মনসিংহ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে বুধবার ময়মনসিংহে তিন ধর্মযাজকসহ পাঁচজনকে আটক করে আবার ছেড়ে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছিল 'ইউনাইটেড প্যান্টিকাস্টল চার্চ অব বাংলাদেশ'র চেয়ারম্যান (প্রধান ধর্মযাজক) মার্কিন নাগরিক ফাদার রেভারেন্ড জেমস করভিন, জেলা সমন্বয়কারী (ধর্মযাজক) ফাদার রেভারেন্ড সমর সাংমা ও ফাদার রেভারেন্ড প্রদীপ সাংমা এবং তাদের নিয়োগ করা দুই পালক শামসু ও রফিকুলকে। তাদের কাছ থেকে ৩৫ জন নারী, ২০ জন পুরুষ ও ১৫ জন শিশুকে উদ্ধার করে। এরা সবাই জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দরিদ্র মুসলমান পরিবারের সদস্য। অর্থের লোভ দেখিয়ে তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করছিল বলা হলেও অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। কোতোয়ালি থানার ওসি গোলাম সারোয়ার উদ্ধারকৃতদের বরাত দিয়ে জানান, রফিকুল ও শামসু মাথাপিছু পাঁচ হাজার টাকা ঋণ দেওয়ার কথা বলে ওই দরিদ্র মুসলিমদের ময়মনসিংহ নিয়ে আসে। বুধবার সকালে তাদের সরিষাবাড়ি উপজেলার পিংনা এলাকায় একত্রিত করা হয়। সেখান থেকে একটি বাসে ময়মনসিংহ আনে। দুপুরে তাদের শহরের ব্রহ্মপুত্র নদের সেতুর কাছে গোসল করিয়ে ধর্মান্তরিত করার সময় স্থানীয়রা বিষয়টি টের পায়। কোতোয়ালি থানা পুলিশকে তা জানানো হলে তাদের আটক করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, থানায় জিজ্ঞাসাবাদে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে ইউনাইটেড প্যান্টিকাস্টল চার্চ অব বাংলাদেশ'র চেয়ারম্যান ফাদার রেভারেন্ড জেমস করভিন বলেন, "আমরা কাউকেই জোর করে ধর্মান্তরিত করি না। কাউকে ঋণও দিই না। তাদের টাকা দেওয়ার কথাও বলিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.