২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ুর কারণে ধান উৎপাদন ৭.৪ শতাংশ করে কমতে পারে

জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল পর্যন্ত প্রতি বছর ৭ দশমিক ৪ শতাংশ হারে ধানের উৎপাদন কমে যেতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে এক সমীক্ষায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল পর্যন্ত প্রতি বছর ৭ দশমিক ৪ শতাংশ হারে ধানের উৎপাদন কমে যেতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে এক সমীক্ষায়। বুধবার রাজধানীতে শুরু হওয়া বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরামের দুই দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে উপস্থাপন করা একটি গবেষণা প্রতিবেদনে এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফোরামের উদ্বোধন করেন। প্রতিবেদনে বলা হয়, দেশে কৃষি উৎপাদন কমে গিয়ে প্রতি বছর ২১ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। তাতে করে ২০০৫ থেকে ২০৫০ সাল পর্যন্ত ৪৫ বছরে মোট লোকসান দাঁড়াতে পারে ১২ হাজার ১০০ কোটি ডলার। প্রতিবেদনটি তৈরি করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর ক্লদিয়া রিঙলার ও জেমস টারলো এবং কৃষি মন্ত্রণালয়ের শফিকুল আলম। কৃষিতে উচ্চ প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ, উচ্চ ফলন এবং জলবায়ুর সঙ্গে অভিযোজন ক্ষমতার সম্ভাব্য একটি চিত্র প্রতিবেদনটিতে তুলে ধরা হয়। প্রতিবেদনে জলবায়ুর পরিবর্তন পুরো অর্থনীতিতেই বড় ধরনের প্রভাব ফেলবে বলেও অভিমত দেওয়া হয়। এর ফলে ৪৫ বছরে জিডিপির কৃষি খাতে মোট দুই হাজার ৬০০ কোটি টাকা লোকসান হতে পারে। যার পরিমাণ বছরে ৫৭ কোটি টাকা। অর্থাৎ, "গড়ে প্রতি বছর মোট দেশজ উৎপাদনের ১ দশমিক ১৫ শতাংশ হ্রাস পাবে", বলা হয় প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের উপর বেশি গুরুত্ব দিয়ে এতে বলা হয়, জলবায়ুর চলমান পরিবর্তন পুরো অর্থনীতিতেই অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাতে বলা হয়, "ভবিষ্যতে জলবায়ুর পরিবর্তনে নেতিবাচক প্রভাব আরো বাড়িয়ে তুলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেবি/জিএনএ/২১০৭ ঘ.