২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউলসম্রাটের বাড়িতে হামলা: সিলেটে মানববন্ধন

প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে হামলার প্রতিবাদে বুধবার বিকালে সিলেট নগরীতে মানববন্ধন পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

সিলেট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে হামলার প্রতিবাদে বুধবার বিকালে সিলেট নগরীতে মানববন্ধন পালিত হয়েছে। গত সোমবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে গানের অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়। এতে বাউলসম্রাটের নাতি শাহ নূর আলম ঝলক (৫) ও প্রতিবেশী সেনু বেগম (৩৮) আহত হন। বিকাল ৫টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, আইনজীবী, শিক্ষক, সামাজিক সংগঠন, বুদ্ধিজীবীমহ সর্বস্তরের কয়েকশ' মানুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে কবি শুভেন্দু ইমাম ও তুষার কর বক্তব্য দেন। বাউলসম্রাটের গানের আসরে হামলা আমাদের সাংস্কৃতিক চেতনার উপর আঘাত, বাঙালি সংস্কৃতির উপর হামলা বলে উল্লেখ করেন বক্তারা। তার বাড়িতে হামলার ঘটনায় প্রশাসন ও সংশ্লিষ্টদের গাফিলাতি কেউ মেনে নেবে না বলেও জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উদীচীর জেলা সভাপতি মোহাম্মদ আরশ আলী, সিপিবি সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সিলেট আইনজীবী সমিতির সভাপতি ইইউ শহীদুল ইসলাম শাহীন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সুপ্রিয় চক্রবর্তী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, জাসদ সিলেট মহানগর সভাপতি জাকির আহমদ, জেলা সাধারণ সম্পাদক লোকমান আহমদ প্রমুখ। এছাড়া মানববন্ধনে প্রায় শতাধিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। সোমবার রাত ৮টায় বাউল সম্রাটের বাড়িতে আব্দুল করিম একাডেমীতে প্রতিদিনের মতো ভক্তদের করিমগীতির চলাকালে প্রতিবেশী তাড়ল ইউনিয়নের ইউপি সদস্য লাল মিয়া লোকজন নিয়ে গানের আসরে হামলা করে দু'জনকে আহত করে। শাহ আব্দুল করিম জীবিত থাকা অবস্থায়ও লাল মিয়া তাদের বাড়িতে হামলা করেছিলেন বলে তার ছেলে শাহ নূর জালাল জানান। এ ঘটনায় মঙ্গলবার শাহ নূর জালাল বাদী হয়ে লাল মিয়সহ ১৭ জনকে আসামি করে দিরাই থানায় একটি মামলা করেছেন। বুধবার সব আসামি জেলা ও দায়রা জজ মো. জসীম উদ্দিনের আদালত হাজির হয়ে জামিন নেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.