২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘ রক্ষায় বাংলাদেশ-ভারত যৌথ প্রকল্প

সুন্দরবনের উভয় অংশের উন্নয়ন এবং বাঘসহ প্রাণিকূল রক্ষায় বাংলাদেশ ও ভারত একটি যৌথ প্রকল্প হাতে নিচ্ছে। এ প্রকল্পে অর্থায়নে বিশ্ব ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের উভয় অংশের উন্নয়ন এবং বাঘসহ প্রাণিকূল রক্ষায় বাংলাদেশ ও ভারত একটি যৌথ প্রকল্প হাতে নিচ্ছে। এ প্রকল্পে অর্থায়নে বিশ্ব ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইনের নের্তৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বুধবার ব্যাংকের 'গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ' প্রকল্প নিয়ে আলোচনা শেষে প্রতিমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিনিধি দলে আরো ছিলেন- ব্যাংকের জ্যেষ্ঠ পরিবেশ বিশেষজ্ঞ খাজা এম মিন্নাতুল্লাহ, দি ব্রীজ ফান্ডের প্রেসিডেন্ট হেমন্ত আর মিশ্র এবং পরিবেশ সংরক্ষণে নিয়োজিত সংগঠন ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এর প্রতিনিধি এরিক বিক্রমানায়েকে। হাছান মাহমুদ জানান, বিশ্ব ব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করবে। ভারত ও বাংলাদেশ অংশের সুন্দরবনের প্রতিবেশ এবং প্রাণিকূল রক্ষায় একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করা হবে। বিশ্ব ব্যাংক বর্তমানে শুধুমাত্র সুন্দরবনের ভারত অংশের জন্য একটি প্রকল্পে অর্থায়ন করছে। প্রতিমন্ত্রী আরো জানান, এছাড়া বিশ্ব ব্যাংক দেশের ১২টি উপকূলীয় জেলায় 'পাইলট প্রজেক্ট ফর ক্লাইমেট রেজিলিয়েন্স (পিপিসিআর)' শীর্ষক আরো একটি প্রকল্প হাতে নিচ্ছে। এর আওতায় এসব জেলায় একটি করে বড় বাঁধ নির্মাণ করা হবে, যাতে উপকূলীয় পরিবেশ এবং সাধারণ মানুষ দুর্যোগ থেকে রক্ষা পায়। সম্ভাব্য এ প্রকল্পে প্রায় ৮৪০ কোটি টাকা ব্যয় হবে। এরমধ্যে প্রায় অর্ধেকই আসবে অনুদান বা নগদ সহায়তা হিসেবে। বাকী অর্থ বিশ্ব ব্যাংক দেবে। এক্ষেত্রে ব্যাংক এডিবি'র সহায়তাও নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৩৯ ঘ.