ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে করা দুটি মামলা স্থগিত করেছে হাইকোর্ট।
মামলা দুটি কেন বাতিল করা হবে না, তার কারণ জানাতেও সরকারের প্রতি আদেশ দেওয়া হয়েছে।
মামলা বাতিলে জামায়াত আমিরের আবেদনে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের বেঞ্চ বুধবার এ স্থগিতাদেশ দেয়।
এ দুটি মামলায় জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদকেও আসামি করা হয়। তার বিরুদ্ধে মামলার কার্যক্রমেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
গত ২১ মার্চ লালমনিরহাটে ও ২৫ মার্চ রাঙামাটিতে মামলা দুটি দায়ের করা হয়।
গত ১৭ মার্চ ঢাকার জামায়াতের এক অনুষ্ঠানে নিজামীকে হজরত মুহাম্মদ (স.) এর সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়া হয়েছে দাবি করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলাগুলো করা হয়। তবে ওই অনুষ্ঠানে নিজামী ছিলেন না।
নিজামীর বিরুদ্ধে একই অভিযোগে বিভিন্ন স্থানে আরো কয়েকটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এমআই/১৭৩০ ঘ.
bdnews24